বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি




ববিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক ছাত্রীর ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর ড. সুব্রত কুমার দাস।



শনিবার (৭ মার্চ) বিকালে উপাচার্য, প্রক্টরিয়াল বডি ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপ-কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির প্রধান হচ্ছেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক তাসনুভা হাবিব জিসান। অন্য সদস্যরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. রহিমা নাসরিন ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন সাব্বির। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রক্টরিয়াল বডির কাছে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ১ মার্চ বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিঁড়িতে গণিত বিভাগের শিক্ষার্থী জান্নাতুল নওরীন উর্মির ওপর একদল মুখোশধারী হামলা চালায়। তারা উর্মির মুখে কাপড় গুজে দিয়ে বেদম মারধর করে। এক পর্যায়ে জ্যামিতি বক্সের কম্পাস দিয়ে তাকে খুঁচিয়ে জখম করে হামলাকারীরা। আহতাবস্থায় উর্মি বাসায় পৌঁছায়। পরে তাকে বাসায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে বুধবার (৪ মার্চ) দুপুরে তাকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।