প্রিজনভ্যান থেকে হাতকড়া খুলে পালালো আসামি

গাজীপুরগাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে নেওয়ার সময় শাহিন আলম সবুজ (৩৫) নামে এক আসামি প্রিজনভ্যান থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সকালে গাজীপুর মেট্রোপলিটন আদালতে এ ঘটনা ঘটে। পুলিশ ওই আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে। গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আতিকুর রহমান এ তথ্য জানান।

সবুজ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার টেকিপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

আদালতের পরিদর্শক জানান, সোমবার সকালে হাজিরা দেওয়ার জন্য কাশিমপুর কারাগার থেকে ২৩ জন এবং গাজীপুর জেলা কারাগার থেকে ২৭ জনসহ মোট ৫০ জন আসামিকে একটি প্রিজনভ্যানে আদালতে নিচ্ছিল পুলিশ। পরে ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় একসঙ্গে সবাইকে নামিয়ে হাজতে নেওয়ার সময় ভিড়ের মধ্যে কৌশলে আসামি সবুজ হাতকড়া খুলে পালিয়ে যায়। হাজতে নেওয়ার পর আসামি গণনাকালে একজন আসামিকে পাওয়া যায়নি। পরে খোঁজ নিয়ে দেখা যায়, আসামিদের মধ্যে সবুজ নেই। এরপর পুলিশ তার সন্ধানে পুরো এলাকায় অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে গাজীপুর সদর থানায় আসামি পলায়নের একটি মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, পলাতক আসামিকে জয়দেবপুর থানায় ২০০৯ সালের অস্ত্র আইনের একটি মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আদালতে হাজিরা দিতে নেওয়া হচ্ছিল। তার বিরুদ্ধে লাকসাম রেলওয়ে থানায় ২০১১ সালে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলাসহ ২০১৫ সালে রেলওয়ে থানার আরও একটি মামলা রয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার বাহারুল ইসলাম জানান, সবুজকে গত বছরের ২২ অক্টোবর গাজীপুর জেলা কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তরিত করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন জানান, ঘটনা তদন্তে সহকারী কমিশনার (প্রসিকিউশন) আহসান হাবীবকে দায়িত্ব দিয়ে এক সদস্যের একটি কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।