ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

ট্রাক-পিকআপ সংঘর্ষনরসিংদীতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয় জন। শুক্রবার (২০ মার্চ) সকালে নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকার একটি মিলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদী সদর উপজেলার কান্দাইল গ্রামের মৃত হাতেম আলী প্রধানের ছেলে কাপড় ব্যবসায়ী আব্দুল বারেক (৫৬) এবং অপর অজ্ঞাতনামা ব্যক্তি (৩০)। হতাহতরা দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার শেখেরচরের খুচরা কাপড় ব্যবসায়ী ছিলেন। তারা শুক্রবার সকালে সপ্তাহের দ্বিতীয় হাটের দিনে কেনাবেচা করতে বাড়ি থেকে পিকআপে করে বাজারে যাচ্ছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নরসিংদী সদর উপজেলার কান্দাইল থেকে একটি পিকআপ ভাড়া করে শেখেরচর বাবুরহাটে যাচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন।

মাধবদী থানা উপ-পুলিশ পরিদর্শক মীর কায়েস জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।