বাড়তি দামে পণ্য বিক্রি, চট্টগ্রামে ১৩ দোকানদারকে জরিমানা




নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চট্টগ্রামের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২১ মার্চ) নগরীর চারটি বাজারে চার জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি বাজারের ১৩ দোকানদারকে এক লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানে কাজীর দেউড়ি বাজারের এক দোকানদারকে ৫ হাজার টাকা, রিয়াজুদ্দিন বাজারে চার দোকানদারকে ৩৫ হাজার টাকা, আগ্রাবাদ চৌমুহনী বাজার ও পাহাড়তলি বাজারের চার দোকানদারকে ৩০ হাজার টাকা, ষোলশহর দুই নম্বর গেট কর্ণফুলী কমপ্লেক্স মার্কেটের চার দোকানদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে এসব দোকানদারকে জরিমানা কর হয়।’

তিনি আরও বলেন, অভিযান পরিচালনা করতে গিয়ে দেখা যায়, সাধারণ ক্রেতারা করোনা আতঙ্কে অতিরিক্ত পণ্য কিনছে। এ সুযোগে খুচরা বিক্রেতারা অধিক দামে আদা-রসুন, পেয়াজ, চিনি, চাল বিক্রি করছেন। সাধারণ ক্রেতারা প্রয়োজনের চেয়ে অধিক পণ্য কিনে নিজেদের ঘরে মজুদ করে সুপারশপে পরিণত করছে। এক মুদি দোকানদার জানান, একজন ক্রেতা নাকি ৪০ কেজি চিনি তার নিজের পরিবারের জন্য একাই কিনে নিয়ে গেছেন।

তৌহিদুল ইসলাম বলেন, ‘পাইকারি বাজারে পণ্যের পর্যাপ্ত মজুত ও সরবরাহ থাকার পরও সাধারণ ক্রেতা যেভাবে অতিরিক্ত পণ্য কিনছে তা রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ের। এজন্য প্রতিটি মার্কেট কমিটি, পাইকারি ও খুচরা দোকানকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য দামে পরিমিত পরিমাণে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত পণ্য কিনে কোনও ক্রেতা বা বিক্রেতা যদি পণ্য মজুত করেন, তাহলে সংশ্লিষ্ট অপরাধী ব্যক্তিকে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুতদারির অভিযোগে শাস্তি দেওয়া হবে।