দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আতঙ্কে সরকারের পক্ষ থেকে সভা, সেমিনার, গণজমায়েতসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এই সময়ের মধ্যেও দিনাজপুরে একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিল জেলা শিক্ষা অধিদফতর। তবে সংবাদ পেয়ে ওই পরীক্ষা তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে জেলা প্রশাসন।
জানা যায়, দিনাজপুরের বিরল উপজেলার আগ্রা বালিয়াদিঘী গাফুরিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বরাবর একজন প্রতিনিধি চেয়ে আবেদন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ। অফিদপ্তরের মহাপরিচালক সেই চিঠির পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রতিনিধিত্ব করে একটি নির্দেশনা দেন। পরে মাদ্রাসা সুপার ও সম্পাদক মোক্তার আলীর প্রেরিত 'পরিচ্ছন্নতা কর্মী'র শূন্যপদে আবেদনকারীদের প্রবেশপত্রের মাধ্যমে জানানো হয়- ২২ মার্চ সকাল ১০টায় প্রার্থীদের নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণকারীরা জেলা শিক্ষা অধিদফতরে উপস্থিত হলে বিষয়টি স্থানীয়রা জেলা প্রশাসনকে অবহিত করেন।
সংবাদ পেয়ে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস ও সহকারী কমিশনার নাসিব কায়ছার ঘটনাস্থলে যান। এসময় তারা পরীক্ষা স্থগিত করার ঘোষণা দেন।
এ বিষয়ে আগ্রা বালিয়াদিঘী গাফুরিয়া দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার ও সম্পাদক মোক্তার আলী বলেন, 'ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা যেতে পারে ভেবেই প্রক্রিয়াটি শুরু করা হয়েছিল। অল্প প্রার্থী এবং নিয়োগের একটা নির্দিষ্ট সময়সীমার বিষয়টি বিবেচনার জন্য জেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টা জানালে তিনি ২২ মার্চ পরীক্ষা নিতে বলেন।'
দিনাজপুর জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, 'নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু তা স্থগিত করা হয়েছে।'
এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস বলেন, 'নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে মাদ্রাসার সুপার ও জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট। এমন সময়ে নিয়োগ পরীক্ষা আয়োজনের বিষয়টি ঠিক হয়নি।'