করোনাভাইরাসের প্রভাব ঠেকানো ও খুলনা অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হেলিকপ্টারে করে পাঁচশ’ পিপিই পৌঁছানো হয়েছে খুলনায়।
খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ এই তথ্য নিশ্চত করেছেন।
তিনি বলেন, ‘ঢাকার সিএমএসডি থেকে জরুরি ভিত্তিতে রাতে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল ডা. শহীদুল্লাহ এই পিপিই পাঠিয়েছেন। হেলিকপ্টারটি খুলনার বিএনএসবিতে এসে পৌঁছায়। পরে আমি নিজে সেই পিপিই গ্রহণ করেছি।’
তিনি আরও জানান, খুলনা মেডিক্যাল কলেজে বর্তমানে চার হাজার দুইশ’ পিপিই মজুত আছে। এই মুহূর্তে তেমন কোনও ঘাটতি নেই। এছাড়া খুলনায় করোনার জন্য নির্ধারিত হাসপাতাল একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে দশটি আইসিইউ বেডসহ ১০০টি বেড প্রস্তুত আছে।
তিনি আরও জানান, খুলনা মেডিক্যাল কলেজে ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে করোনাভাইরাস শনাক্তের স্যাম্পল পরীক্ষা। এই অবস্থায় শুক্রবার রাত ১০টায় খুমেকের চিকিৎসকদের জন্য জরুরি ভিত্তিতে বিমানবাহিনীর মাধ্যমে হেলিকপ্টারে করে ৫০০ পিপিই পাঠানো হয় ঢাকা থেকে। বিমানবাহিনীর সদস্যদের কাছ থেকে পিপিই গ্রহণ করা হয়।