খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে দেড় হাজার বিঘা মৎস্য ঘের

বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকছেসাতক্ষীরার আশাশুনি উপজেলার কোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের চার গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ওই চার গ্রামের প্রায় দেড় হাজার বিঘা জমির মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। খোলপেটুয়া নদীর প্রবল জোয়ারের চাপে শনিবার (১১ এপ্রিল) ভোর রাতে বেড়িবাঁধটি ভেঙে যাওয়ার পর থেকে স্থানীয় জনগণের সহায়তায় এই ভাঙন পয়েন্টে বিকল্প বাঁধ নির্মাণের চেষ্টা চলছে।

প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান, সাতক্ষীরা পাউবো বিভাগ-২-এর আওতাধীন ৭/১ নম্বর পোল্ডারের কোলা গ্রামের প্রায় ১২০ ফুট দৈর্ঘ্য বেড়িবাঁধটি জোয়ারের চাপে হঠাৎ নদীগর্ভে বিলীন হয়ে যায়। বাঁধটি আগে থেকেই জরাজীর্ণ ছিল। বাঁধ ভেঙে প্রতাপনগর ইউনিয়নের কোলা, হিজলী এবং শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা ও হাজরাখালি গ্রামে পানি ঢুকে পড়ে। এতে ওই চার গ্রামের মৎস্য ঘের পানিতে তলিয়ে যায়।

তিনি আরও বলেন, ‘একই এলাকায় গত ২৮ মার্চ খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে যায়। এই এলাকার উল্টোদিকে একই ইউনিয়নের লঞ্চঘাট এলাকায় গত ৮ এপ্রিল কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে অনুরূপভাবে ক্ষতি হয়। করোনা পরিস্থিতির মধ্যে এলাকার হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিশ্রম করে ওই বেড়িবাঁধ ঠেকিয়ে রেখেছে।’ এছাড়া শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিলকে সঙ্গে নিয়ে স্থানীয় জনগণের সহায়তায় কোলা গ্রামের এই ভাঙন পয়েন্টে বিকল্প বাঁধ নির্মাণের চেষ্টা চলছে বলে তিনি জানান।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল জানান, প্রায়ই এখানকার জরাজীর্ণ বেড়িবাঁধ ভেঙে প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়। বিষয়টি পাউবো কর্তৃপক্ষকে বার বার জানানো হলেও তারা তেমন একটা গুরুত্ব দেন না। শুধু ভেঙে গেলে সামান্য কিছু বরাদ্দ দিয়ে যেনতেনভাবে বাঁধটি সংস্কার করা হয়। এবারও দুই চেয়ারম্যানের নেতৃত্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কারের প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান খান জানান, খোলপেটুয়া নদীর কোলা পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ চলছিল। এরই মধ্যে শুক্রবার মধ্যরাতে তার পাশের বেড়িবাঁধটি হঠাৎই ভেঙে যায়।

বেড়িবাঁধটি সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।