নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারপিটের অভিযোগ

গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে আঘাত করার সময় অন্যরা বাধা দেওয়ার চেষ্টা করছেনসামাজিক দূরত্ব বজায় রাখতে বলায় সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ আলীকে (৫০) চড় মারপিট করার অভিযোগ উঠেছে আশিকুর রহমান নামে নৌবাহিনীর সদস্যের বিরুদ্ধে। সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আলী। রবিবার (১২ এপ্রিল) বিকালে তিনি বাদী হয়ে সাতক্ষীরা থানায় এ অভিযোগ করেন।
আশিকুর রহমান রেউই বাজার এলাকার রেজাউল করিম খোকনের ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে চট্টগ্রামে কর্মরত।

প্রসঙ্গত, অভিযোগ পাওয়া যায়, শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাঁশদহা ইউনিয়নের রেউই বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করলে গ্রাম পুলিশ মোহাম্মদ আলীর চোয়ালে চড় ও কিলঘুসি মারেন আশিকুর রহমান। এতে মোহাম্মদ আলী আহত হন। পরে অন্য গ্রাম পুলিশ সদস্যরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান।

বাঁশদহা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর শহিদুল ইসলাম বলেন, ‘আমি বাজারে এসে শুনলাম সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মুখে মাস্ক না থাকার বিষয়ে বললে মোহাম্মদ চকিদারকে মারে খোকনের ছেলে।  এতে মোহাম্মদ আলীর চোখে রক্ত জমে গেছে।’

সাতক্ষীরা থানার উপপরিদর্শক (এসআই) রইচ উদ্দীন বলেন, ‘এ ব্যাপারে গ্রাম পুলিশ মোহাম্মদ আলী বাদী হয়ে আশিকুর রহমানের নামে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’