রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী

রাজবাড়ীতে করোভাইরাসের উপসর্গ নিয়ে (জ্বর, কাশি ও শ্বাসকষ্ট) সীতানাথ দাস (৫৮) নামে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকালে সদর উপজেলার লক্ষ্মীকোল হরিসভা গ্রামে তিনি মারা যান।

সীতানাথ দাসের প্রতিবেশী জয়দেব কর্মকার জানান- এক সপ্তাহ ধরে জ্বর, কাশি ও শ্বাসকষ্টসহ ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন সীতানাথ। হঠাৎ করেই রবিবার বিকালের দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

জেলা সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, করোনাভাইরাসের সবগুলি উপসর্গ নিয়েই সীতানাথ দাসের মৃত্যু হয়েছে। যে কারণে তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাঈদুজ্জামান খান জানান, সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সীতানাথ দাসের মৃতদেহ সৎকারের প্রস্তুতি চলছে। নমুনা পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত তার পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ১১ এপ্রিল রাজবাড়ী সদর উপজেলায় পাঁচ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এরপর সংক্রমণ প্রতিরোধে পুরো জেলাকে ১০ দিনের জন্য লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।