নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ভিডিও বার্তার অনুরোধের পর নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্তদের নমুনা সংগ্রহের কাজ শুরু হতে যাচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টা থেকে দেশে প্রথমবারের মতো সম্পূর্ণ বিনামূল্যে করোনাভাইরাসের নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হবে নারায়ণগঞ্জে।
প্রধানমন্ত্রীর নির্দেশে জেকেজি হেলথ কেয়ার নামের একটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান উদ্যোগী হয়ে এই নমুনা সংগ্রহের কাজের দায়িত্ব নিয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে নমুনা সংগ্রহের কার্যক্রমের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জেকেজি হেলথ কেয়ারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
সোমবার ভিডিও বার্তায় শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে জরুরিভিত্তিতে একটি করোনা পরীক্ষার ল্যাবরেটরি করতে আমরা অনুরোধ ও দাবি জানিয়েছিলাম। সেই অনুরোধে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনতিবিলম্বে জেকেজি হেলথ কেয়ার সেন্টার নামের ওই বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে দ্বায়িত্ব দিয়েছেন। এই কাজের জন্য আমরা সিদ্ধিরগঞ্জের এমডব্লিউ স্কুল এন্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুলকে ঠিক করে দিয়েছি।
এর আগে, রবিবার সন্ধ্যায় প্রথম ভিডিও বার্তায় নারায়ণগঞ্জে করোনাভাইরাসের ভয়বহতার কথা তুলে ধরে আক্রান্তদের নমুনা সংগ্রহের ল্যাব স্থাপন করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান শামীম ওসমান।