চার দিনে কুড়িগ্রামে তিন শতাধিক ব্যক্তি হোম কোয়ারেন্টিনে

কুড়িগ্রামের সড়কে পুলিশের তৎপরতাকরোনাভাইরাস প্রতিরোধে রবিবার (১২ এপ্রিল) পর্যন্ত গত চার দিনে কুড়িগ্রাম জেলায় তিন শতাধিক ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে পুলিশ। এ সময়ে জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে ফেরত ব্যক্তিদের নাম-ঠিকানা স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করে পুলিশ। কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম এ তথ্য জানান।

এদিকে রবিবার (১২ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ এলাকায় চেকপোস্ট বসিয়ে সাতটি বাসে করে ফরিদপুরের আলতুখান জুটমিল থেকে আসা শ্রমিক এবং তাদের পরিবারের ২০৯ জনকে চিহ্নিত করে পুলিশ। পরে তাদের নাম-ঠিকানাসহ তালিকা করে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।   

পুলিশ প্রশাসনের তথ্যমতে, জেলা শহরসহ উপজেলা শহরের সড়ক ও নৌপথে চেকপোস্টের মাধ্যমে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিদের তালিকা করে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। পাশাপাশি এসব ব্যক্তির তালিকা জেলা স্বাস্থ্য বিভাগের কাছেও পাঠানো হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, করোনাভাইরাস মোকাবিলায় আক্রান্ত এলাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজনের তালিকা তৈরি জন্য জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলার বাইরে থেকে আসা মানুষদের যে তালিকা পুলিশ পাঠিয়েছে সেই তালিকা অনুযায়ী তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের হোম কোয়ারেন্টিন নিশ্চিতে কাজ করছে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন। তাদের লক্ষণ অনুযায়ী নমুনা সংগ্রহ করা হবে।