হিলিতে নির্দেশনা অমান্য করে অকারণে মোটরসাইকেল ও কার নিয়ে বের হওয়ায় একজন নারীসহ ১১জন মোটরসাইকেল চালককে ২৮ হাজার একশ' টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এক প্রাইভেট কার চালককে সাতদিনের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিলি আনসার ব্যাটালিয়ন চত্বরে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রাফিউল আলস এই দণ্ড প্রদান করেন। এসময় সেখানে ১১ আনসার ব্যাটালিয়নের কমান্ডার আনোয়ার জাহিদ ও ওসি আব্দুল হাকিম আজাদ উপস্থিত ছিলেন।
এর আগে হিলির বিভিন্ন প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে পুলিশ ও আনসার সদস্যরা তাদের আটক করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে মানুষ যেন তাদের বাড়িতে থাকে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলে এবিষয়ে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। কিন্তু এরপরেও অনেকেই নির্দেশনা অমান্য করে অকারণে বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল নিয়ে হিলিতে আসায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চালক ও প্রাইভেট কার আরোহী এক নারীসহ ১১ জনকে ২৮ হাজার একশ' টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও একপ্রাইভেট কার চালককে সাতদিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।