টাঙ্গাইলের সখীপুরে উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে বোরহান উদ্দিন (৭০) নামের একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার বেতুয়া গ্রামের বাসিন্দা।
এদিকে করোনাভাইরাস সন্দেহে ওই মুক্তিযোদ্ধার নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল টিম।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ‘অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ,
অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন। এমতাবস্থায় তার মৃত্যু হয়।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, ‘ওই মুক্তিযোদ্ধার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। আইইডিসিআর থেকে প্রতিবেদন না আসা পর্যন্ত ওই বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, ‘তিনি মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাসদস্য ছিলেন। এজন্য তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।’