সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টায় জামালপুর পৌর এলাকার রশিদপুর বাজারে মানববন্ধন কর্মসূচিতে অংশ নে ১০ নং ওয়ার্ডের রশিদপুর, মাইনপুর ও কাজিরআখ গ্রামের সরকারি সহায়তা বঞ্চিত তিন শতাধিক কর্মহীন অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষরা। বেলা ১২টায় শহরের বাগেরহাটা এলাকায় কর্মহীন ২০০ দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নেন ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর রাকিব হোসেন রাজু। এ সময় সরকারি খাদ্য সহায়তা বঞ্চিত পাঁচ শতাধিক কর্মহীন অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ করেন তারা।
পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিল রাকিব হোসেন রাজু জানান, তার ওয়ার্ডে প্রায় ১৫ হাজার অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তিনি মাত্র তিনশ’ মানুষের জন্য ১০ কেজি চালের প্যাকেট পেয়েছেন। এখানে অনিয়মের কোনও ঘটনা ঘটেনি। ত্রাণের অপ্রতুলতার কারণে ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। তিনি এসব মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।