জমি নিয়ে বিরোধের জেরে কুপিয়ে হত্যা

হিলি

দিনাজপুরের বিরামপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আব্দুল বাকী (৫৫) নামের একজন ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) এই ঘটনা ঘটে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে আটক করেছে।

জানা যায়, সোমবার দিবাগত রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাযন আব্দুল বাকী। নিহত আব্দুল বাকী বিরামপুর পৌর এলাকার পার ভবানিপুর গ্রামের আব্দুর রহিম মুন্সির ছেলে। আটকরা হলো- এমদাদুল হক, নুর আলম সিদ্দিকী, এনামুল হক, মামুনুর রশিদ, ইউসুফ আলী, গোলাম মোস্তফা। তারা সবাই ওই এলাকার স্থানীয় বাসিন্দা।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মামলার বরাত দিয়ে জানান, গ্রামের জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সোমবার দুপুরে কচুক্ষেতের জমিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বেশ কয়েকজনকে আহত করে। আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে আব্দুল বাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয় জনকে গ্রেফতার করে।