বিরামপুরে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ, কোয়ারেন্টিনে ২৪ বাড়ির সদস্য




দিনাজপুরদিনাজপুরের বিরামপুরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে এসে মারা যাওয়া ব্যক্তি (৩৫) ও তার পরিবারের পাঁচ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া মৃত ব্যক্তির বাড়িসহ ওই এলাকার ২৪টি বাড়ির ৭৪ জন সদস্যকে ও একটি ক্লিনিকের চিকিৎসকসহ স্টাফদের হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিরামপুর উপজেলার শৈলান গ্রাম থেকে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম। এর আগে সকাল ১০টায় ওই ব্যক্তি মারা যান।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী বাংলা ট্রিবিউনকে জানান, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি ও তার পরিবারের পাঁচ সদস্যের শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই ঘটনায় উপজেলা প্রশাসন মৃত ব্যক্তির বাড়িসহ ওই এলাকার ২৪টি বাড়ির মোট ৭৪ জন সদস্যকে হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে। এছাড়া ওই ব্যক্তি স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছিলেন। সেখানকার চিকিৎসক ও স্টাফদেরও হোমকোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জ্বর-সর্দি-কাশিতে ভোগার পর সোমবার মৃত ওই ব্যক্তি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান। তবে সেখানে তাকে করোনা আক্রান্ত সন্দেহে ভর্তি করা হয়। পরে আজিজার রহমান রাতেই সেখান থেকে পালিয়ে বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার সকাল ১০টায় তিনি মারা যান।