নারায়ণগঞ্জ থেকে পালানোর সময় তিনশ' নারী-পুরুষ আটক

93305527_522025308752483_7715599548273393664_n

লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ শহর ছেড়ে অন্য জেলায় যাওয়ার সময় প্রায় তিনশ' নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে সড়ক ও নৌপথে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটকের পর সতর্ক করে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ জায়েদুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয়ে এবং খেটে খাওয়া মানুষ পর্যাপ্ত ত্রাণসামগ্রী না পেয়ে নারায়ণগঞ্জ ছেড়ে অন্য জেলায় যেতে চাচ্ছিলেন। কিন্তু তাদের আটক করে সতর্ক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জ থেকে রাতের আঁধারে সাতটি পিকআপ ভ্যান, একটি ট্রাক ও কয়েকটি ট্রলারে করে প্রায় তিনশ' নারী-পুরুষ কিশোরগঞ্জসহ আশেপাশের জেলায় যাচ্ছিলেন। নগরীর ইসদাইর গাবতলী এলাকা থেকে তিনটি পিকআপ ভ্যানে প্রায় ৬০-৭০ জন, ফতুল্লা চর বক্তাবলী এলাকার বালুবাহী বাল্কহেডে ৭০-৮০ জন এবং ট্রলারে করে আরও অর্ধশত লোক কিশোরগঞ্জ যাওয়ার পথে আটক হন। এছাড়া সড়কপথে আরও কয়েকটি পিকআপ ভ্যানে করে বেশ কিছু লোককে আটক করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, লকডাউন অমান্য করে নারায়ণগঞ্জ থেকে নৌ ও সড়কপথে কিশোরগঞ্জসহ অন্যান্য জেলায় পালানোর সময় পুলিশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিনশ' নারী-পুরুষকে আটক করেছে। এসময় কয়েকটি ট্রলার, পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে।