জামালপুরে করোনা ভাইরাসে বুধবার (১৫ এপ্রিল) নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি দেওয়ানগঞ্জ পৌর শহরের চরভবসুর গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার বাড্ডার একটি গার্মেন্টসের কর্মী।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘন্টায় সারা জেলায় ৩৩ জনের নমুনা পরীক্ষায় একজনের রিপোর্টে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এ বিষয়ে জামালপুরের সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, সারা জেলায় মোট ৩৬৩ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তার মধ্যে এখন পর্যন্ত ১৬ জন করোনায় সংক্রমিত। এদের মধ্যে নমুনা পরীক্ষার আগেই দুই নারী মারা গেছেন।
তিনি আরও বলেন, 'জামালপুর শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে আক্রান্ত ১৪ জনকে চিকিৎসাধীন রাখা হয়েছে। আক্রান্তদের নিজ বাড়িসহ প্রতিবেশী এলাকায় লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে অবগত করা হয়েছে।'