করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির রিপোর্ট নেগেটিভ

93586031_364547264486851_4902997041476534272_n

 

দিনাজপুরের বিরামপুর উপজেলায় করোনাভাইরাসের (কোভিড-১৯) লক্ষণ নিয়ে আজিজার রহমান (৩৫) নামে মৃত যুবকের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে রিপোর্ট পাওয়া গেছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলায়মান হোসেন মেহেদী এই তথ্য জানান।
তিনি জানান, ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে নিজ বাড়িতে করোনার লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেন বিরামপুর উপজেলায় কাটলা ইউনিয়নের শৈলান গ্রামে আজিজার রহমান (৩৫)। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন মৃত আজিজার রহমান ও তার পরিবারের পাঁচ জনের শরীরের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল (রমেক) করোনা ল্যাবে পাঠায়। সেখান থেকে মৃত আজিজার রহমান ও তার পরিবারের লোকজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, ১২ এপ্রিল রবিবার আজিজার জ্বরসহ বিভিন্ন রোগ নিয়ে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৩ এপ্রিল হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসোলেশনের থাকার পরামর্শ দেন। কিন্তু তার পরিবারের লোকজন তাকে আইসোলেশনে রাখতে অস্বীকৃতি জানায়। সোমবার সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে আজিজার রহমান পালিয়ে নিজ বাড়ি চলে যায়। ১৪ এপ্রিল সকালে বাসায় তার মৃত্যু ঘটে।