নরসিংদীর বেলাবতে শ্বাসকষ্ট ও বুৃকে ব্যাথা নিয়ে মো. নান্নু মিয়া (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আমলাব গ্রামের মৃত আ. খালেকের ছেলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মারা যান। করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সন্দেহে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নিহতের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নান্নু মিয়া কিছুটা শ্বাসকষ্ট ও বুক ব্যাথায় ভুগছিলেন। দুই-তিন দিন আগে তিনি বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শ্বাসকষ্ট ও বুক ব্যাথার চিকিৎসা নেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ ঘরে একাই ঘুমিয়ে পড়েন। সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মো. নজরুল ইসলাম জানান, নিহত নান্নু মিয়া মাদকাসক্ত ছিলেন। দুই-তিন দিন আগে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মৃত্যুর পর মরদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে। আইইডিসিআর-এ নমুনা পাঠানো হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা শরমিন বলেন, 'নমুনা রেজাল্ট যদি পজিটিভ হয়, তাহলে এলাকা লকডাউন দেওয়া হবে। এর আগে তার পরিবারের লোকজন যাতে ঘরে থাকে, সেজন্য আমি বলে দিয়েছি।'