দুই ইউপি চেয়ারম্যানের নামে ত্রাণ চুরির মিথ্যা পোস্ট: গ্রেফতার যুবক কারাগারে

 

ফেসবুকে মিথ্যা পোস্ট দেওয়ায় যুবক গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে ত্রাণ চুরির অপরাধে আটক করা হয়েছে এমন একটি মিথ্যা পোস্ট ফেসবুকে শেয়ার করায় ইকলাস হোসেন সোহান (২০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে তাকে গ্রেফতারের পর আজ আদালতে সোপর্দ করা হয়। আদালতের আদেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

গ্রেফতার সোহান উপজেলার খোশালপুর গ্রামের মো. আজগর আলীর ছেলে।

এ ঘটনায় শনিবার রাতে উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু বাদী হয়ে কালীগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। 

মামলার বিবরণে জানা যায়, গত ৪/৫ দিন পূর্বে ইকলাস হোসেন সোহান তার ফেসবুক আইডি ‘আমি তোমার গল্প হবো’ হতে একটি পোস্ট শেয়ার করে। সেখানে লেখা আছে, ‘রাখালগাছি ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু এবং বারোবাজার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ত্রাণ চুরির অপরাধে গ্রেফতার হয়েছে।’ ঘটনাটি মিথ্যা হওয়ায় এতে বাদীর সম্মান ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, মামলা হওয়ার পর যুবককে  আটক করা হয়। রবিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাক জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার বাদি রাখালগাছি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, তাকে ও বারোবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদকে ত্রাণ চুরির অপরাধে সেনাসদস্যরা আটক করেছে বলে ওই আইডি থেকে ফেসবুকে পোস্ট দেয়। সেটা ইকলাস হোসেন সোহান শেয়ার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন সেই এটা করেছে। তার একাধিক ফেসবুক আইডি রয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ তাকে আটক করেন।