চাটমোহরে আরও এক করোনা রোগী শনাক্ত

পাবনা

পাবনার চাটমোহরে আরও একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি জেলার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের ভিটাপাড়ার এলাকার বাসিন্দা ।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরকার মোহাম্মদ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, কয়েকদিন আগে করোনা উপসর্গ দেখা দেওয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলো। ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি বলেন, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন ওই গ্রামে যাচ্ছেন। তারা রোগীর চিকিৎসা এবং আইসোলেশনে রাখাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, সামাজিক ও ব্যক্তি দূরত্ব নিশ্চিত করতে পুলিশসহ ঘটনাস্থলে রওনা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে এক যুবক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। এ নিয়ে চাটমোহর উপজেলায় দু’জন কোভিড-১৯ আক্রান্ত হলো। প্রথমজন আক্রান্ত হওয়ার পর গত ১৬ এপ্রিল রাত থেকে পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার যে তথ্য দিয়েছিলেন তাতে প্রথম করোনা আক্রান্ত যুবকের বাবাও আক্রান্ত জানানো হয়েছিল। তবে রবিবার সকালে ইউএনও তথ্যটি সংশোধন করে জানান, ওই যুবকের বাবা আক্রান্ত নন। একই উপজেলার আরেকটি ইউনিয়নে আক্রান্ত ব্যক্তির বাড়ি।