ধান কাটতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বসবাস করা নিম্ন আয়ের শ্রমিকদের হাওর অঞ্চলে পাঠানোর উদ্যোগ নিয়েছে নগর পুলিশ (সিএমপি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পুলিশ এই কার্যক্রম শুরু করেছে । প্রথম দিন রবিবার (১৯ এপ্রিল) পাঁচটি বাসে করে ১০০ জন শ্রমিককে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওর অঞ্চলে পাঠানো হয়েছে। ধারাবাহিকভাবে মোট এক হাজার ৫০০ শ্রমিক পাঠানো হবে বলে জানিয়েছেন সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশনায় স্থানীয় থানা পুলিশ এই উদ্যোগ বাস্তবায়ন করছে। পুলিশের এই উদ্যোগে বাস দিয়ে সহযোগিতা করছে এস আলম গ্রুপ।
এস এম মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে জানান, বাকলিয়ায় বিভিন্ন বস্তি ও কলোনিতে নিম্ন আয়ের অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের মধ্যে যারা ধান কাটায় আগ্রহী স্থানীয় থানার মাধ্যমে তাদেরকে সংগ্রহ করে হাওর অঞ্চলে ধান কাটার জন্য পাঠানো হচ্ছে। আজকে প্রথম দিন ৫টি বাসে করে ১০০ জনকে কিশোরগঞ্জে পাঠানো হয়েছে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে তাদেরকে পাঠানো হয়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে থাকবেন। একটি নির্দিষ্ট অবস্থানে থেকে তারা ধান কাটার কাজে নিয়োজিত থাকবেন।
তিনি আরও বলেন, নগর পুলিশের আজকের এই কার্যক্রম দেখে আরও ৪০ জন শ্রমিক ধান কাটার জন্য যেতে আগ্রহী হয়েছেন। তাদেরকে আগামীকাল পাঠানে হবো। ধান কাটার জন্য শ্রমিকদের পাঠাতে এস আলম গ্রুপের ৪০টি বাস প্রস্তুত করা হয়েছে। এসব বাসে ধারাবাহিকভাবে শ্রমিকদের পাঠানো হবে।