গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, রবিবার সকালে গাজীপুর থেকে ১৩৭ জনের নমুনা ঢাকার আইইডিসিআর-এ পাঠানো। ওই নমুনা পরীক্ষা শেষে টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খান পাভেলসহ ৮১ জনের দেহে নতুনভাবে করোনা ভাইরাস সংক্রমণ পজিটিভ হয়েছে। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩২ জন,কালীগঞ্জে ৩১ জন, কালিয়াকৈরে ৯ জন, কাপাসিয়ায় আট জন ও শ্রীপুর উপজেলার একজন রয়েছেন। গত ২৪ ঘন্টায় গাজীপুর সদর ও কালীগঞ্জ উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি তেঁতুইবাড়ি এলাকার শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে আগের সংক্রমিত ১০ জনসহ মোট ২৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে সাত জন চিকিৎসকসহ নার্স, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট, স্বাস্থ্য সহকারী (হেলথ অ্যাসিস্ট্যান্ট) ও ল্যাবরেটোরি অ্যাসিস্ট্যান্ট এবং একজন ইপিআই টেকনোলোজিস্টও রয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, এসিল্যান্ড পাভেলের সঙ্গে তার স্ত্রী-সন্তানের নমুনাও ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। সোমবার সকালে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে এসিল্যান্ড পাভেলের দেহে করোনা সংক্রমনের ফল পজেটিভ পাওয়া গেছে। তবে তার স্ত্রী ও সন্তানের নমুনার ফল এখনও তাদের হাতে আসেনি।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মশিউর রহমান জানান, টঙ্গী রাজস্ব সার্কেলের এসি ল্যান্ড গোলাম মোর্শেদ খান পাভেল সম্প্রতি জিএমপির গাছা থানা পুলিশের সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। পরে জানা গেছে গাছা থানার পাঁচ পুলিশ কর্মকর্তারও করোনা পজেটিভ হয়েছেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে গোলাম মোর্শেদ গাছা থানার ওইসব পুলিশ কর্মকর্তাদের সংস্পর্শে যাওয়ার কারণেই তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তিনি বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন।