বকশীগঞ্জ থেকে ৭১০ কেজি সরকারি চাল উদ্ধার

জামালপুর

জামালপুরের বকশীগঞ্জে একটি ঘর থেকে ৭১০ কেজি সরকারি চাল উদ্ধার করেছে র‌্যাব-১৪ এর সদস্যরা। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বকশীগঞ্জ নতুনবাজার এলাকায় খুররুম মিয়া নামে এক ব্যক্তির একটি পরিত্যক্ত ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়।

জামালপুর র‌্যাব-১৪ এর ডিএডি আনোয়ার হোসেন জানান, স্থানীয়রা চাল মজুত করার ঘটনা দেখে র‌্যাবকে খবর দেয়। পরে র‌্যাব অভিযান চালিয়ে এসব সরকারি চাল উদ্ধার করে।

তিনি আরও জানান, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আকরাম হোসেন ফুটা মিয়ার সহায়তায় ডিলার আব্দুল মুন্নাফ ডাক্তারের কাছ থেকে এসব সরকারি চাল সংগ্রহ করে মজুত করে রাখে আবুল কালাম আজাদ নামের এক চাল ব্যবসায়ী। এই চাল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির বলেও জানা যায়।

চাল উদ্ধারের পর তা বকশীগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। তিনি আরও জানান, থানায় এনে পরিমাপ করার পর চালের ওজন দাঁড়ায় ৭১০ কেজি।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামিদের বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হবে।