করোনার লক্ষণ নিয়ে মৃত ব্যক্তির দাফন, কোয়ারেন্টিনে ছাত্রলীগের ৫ কর্মী




কোয়ারেন্টিনে থাকা ছাত্রলীগ কর্মীরাকরোনার লক্ষণ নিয়ে মারা যাওয়া বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের উত্তমপুর গ্রামের এক ব্যক্তির লাশ দাফন করে কোয়ারেন্টিনে আছেন ইউনিয়ন ছাত্রলীগের পাঁচ কর্মী। রবিবার (১৯ এপ্রিল) রাতে ওই ব্যক্তির দাফন শেষে, ব্যবহৃত পিপিই পুড়িয়ে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। জানা যায়, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে ব্যবসা করতেন। পরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে আসেন।

মৃত ব্যক্তির জানাজায় অংশ নেওয়া দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান এমএ জব্বার বাবুল বলেন, নারায়ণগঞ্জ থাকাবস্থায় মৃত ব্যক্তির করোনার লক্ষণ দেখা দেয়। পরে তাকে সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়। গত ১৯ এপ্রিল তার দেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়, পরে ভয়ে হাসপাতাল থেকে তিনি পালিয়ে আসেন। ওই রাতেই ভাড়া বাসায় তার মৃত্যু হয়। পরে ওই ব্যক্তির স্বজন ও এলাকাবাসী অ্যাম্বুলেন্সযোগে তার মরদেহ বাকেরগঞ্জে পাঠিয়ে দেয়। রবিবার রাতে তার মরদেহ এসে পৌঁছায়। পরে ওই ব্যক্তির স্বজনরা তার জানাজা ও দাফনে অনীহা প্রকাশ করেন। এ অবস্থায় তার জানাজা ও দাফনে এগিয়ে আসে দাঁড়িয়াল ইউনিয়ন ছাত্রলীগ। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ হাওলাদারের নেতৃত্বে চার কর্মী পিপিই পরে তার গোসল থেকে শুরু করে জানাজা সম্পন্ন করেন। জানাজায় ছাত্রলীগের নেতাকর্মীসহ মৃত ব্যক্তির এক ভাই উপস্থিত ছিলেন। পরে পারিবারিক গোরস্থানে ছাত্রলীগ কর্মীরা তাকে দাফন করেন।

চেয়ারম্যান আরও বলেন, পরে ছাত্রলীগ নেতা রিয়াজ ও তার চার কর্মী ব্যবহৃত পিপিই আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেন। এরপর তারা ইউনিয়ন পরিষদের কক্ষে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে যান। সেখানে তারা ১৪ দিন অবস্থান করবেন।

কোয়ারেন্টিনে থাকা ছাত্রলীগ নেতা রিয়াজ হাওলাদার বলেন, করোনাভাইরাসে কারও মৃত্যু হলে তাদের জানাজা ও দাফন কেউ না করলে, আমরা করবো বলে ঘোষণা দিয়েছিলাম। এরপর থেকে আমরা তাদের জানাজা ও দাফনে প্রস্তুত থাকি। দাঁড়িয়াল ইউনিয়নে ওই মৃত ব্যক্তির লাশ পৌঁছানোর পর স্বজনদের তা গ্রহণে অনীহা দেখে আমরা এগিয়ে যাই। পরে তার জানাজা ও দাফনের সব ব্যবস্থা করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চলে আসি। নিজেদের এমন কর্মকাণ্ড অব্যাহত রাখার কথা জানান তিনি।