সাতক্ষীরায় জ্বর-শ্বাসকষ্টে দুজনের মৃত্যু, বাড়ি লকডাউন

সাতক্ষীরা জেলাসাতক্ষীরায় জ্বর, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ায় আব্দুর রহিম নামের এক নৈশপ্রহরী এবং আশাশুনির কাকবাশিয়া গ্রামের রেজাউল করিম নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তাদের দুজনেরই নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআরে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

নৈশপ্রহরী আব্দুর রহিম তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিমপাড়ার ওমর আলী গাজীর ছেলে। কলেজ শিক্ষক রেজাউল করিম আশাশুনির কাকবাশিয়া গ্রামের মৃত ফজর আলী গাজীর ছেলে।

আশাশুনি উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা জানান, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা এবং ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে জানাজা শেষে কলেজ শিক্ষক রেজাউল করিমের মরদেহ পারিবারিক কবরস্থানে উপজেলা কমিটির মাধ্যমে দাফন করা হয়েছে। কলেজ শিক্ষকসহ পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো খুলনায় পাঠানো হবে। কলেজ শিক্ষকের বাড়িটি বর্তমানে লকডাউন ঘোষণা করা হয়েছে। 

তালা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন জানান, আপাতত ওই নৈশপ্রহরীর বাড়ির সবাই হোম কোয়ারেন্টিনে থাকবেন। বাড়িটি লকডাউন ঘোষণা করা হয়েছে।