বেশ কয়েকদিন ধরে করোনাভাইরাসের জীবাণু শরীরে বহন করলেও বেশ সুস্থ অবস্থায় আছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের একজন তরুণ পোশাককর্মী। বুধবার (২২ এপ্রিল) দুপুরেও তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে বলে জানিয়েছেন প্রতিবেশী উল্লাপাড়ার বন্যাকান্দি দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মাসুদ রানা।
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান, কোভিড-১৯ রোগের জীবাণু শরীরে বহন করে কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন ওই তরুণ। নমুনা সংগ্রহ করে করোনা পজিটিভ ধরা পড়ায় হোম কোয়ারেন্টিনে রেখেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে তাকে। তার রোগপ্রতিরোধ ক্ষমতা বেশ শক্তিশালী হওয়ায় সুস্থই অছেন তিনি। তারপরও তার ও পরিবারের অন্যান্য সদস্যের নমুনা সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।
রাজশাহী বিভাগীয় করোনা শনাক্তকরণ বিশেষজ্ঞ দলের প্রধান ডা. লিয়াকত আলীর নেতৃত্বে একটি দল আগামী শনিবার উল্লাপাড়ার কাজিপাড়া গ্রামে আসার কথা রয়েছে। দ্বিতীয় দফা ওই রোগীর নমুনা সংগ্রহ করা হবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান বলেন, ‘জেলা স্বাস্থ্য বিভাগ থেকে খবর পেয়ে মঙ্গলবার রাতে কাজিপাড়া গ্রামসহ পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। রাতেই ওই রোগীর বাড়ি এবং তার স্বজনদের বাড়িতে লাল পতাকা টানিয়ে চিহ্নিত করাও হয়েছে।'
সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার পর ৩৪টি নমুনার ফল এসেছে। উল্লাপাড়ার পোশাককর্মীর নমুনা পজিটিভ এবং বাকিগুলোর ফল নেগেটিভ এসেছে। এনিয়ে জেলায় ৮২টি নমুনার ফলাফলে দুটি পজিটিভ পাওয়া গেছে।’