জানা গেছে, আক্রান্ত ব্যক্তি বল্লভপুরের একটি বাসায় ভাড়া থাকেন। তিনি একজন পুরুষ। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আজ বুধবার সকালে ঢাকা থেকে ৫ জনের করোনা টেস্টের ফলাফল এসেছে। তার মধ্যে একজনের ফলাফল পজেটিভ এসেছে। তার শারিরীক অবস্থা ভালো আছে। তাকে বর্তমানে ওই বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। পরে পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে তিনি এই মুহূর্ত থেকে মেহেরপুরবাসীকে আর ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।
মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি জানান, দুই দিন আগে আক্রান্ত রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। সকালেই আমরা রোগীর সাথে কথা বলে তাকে নিজ বাড়িতে একটি রুমে একা থাকার জন্য নির্দেশ দিয়েছি।
ওই ব্যাক্তি কয়েক দিন আগে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গিয়েছিলেন যক্ষা কিটস সংগ্রহ করার জন্য। এই রোগীর সংস্পর্শে আসা ব্র্যাক অফিসের ১৫ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। একইসঙ্গে অফিস লকডাউন ঘোষণা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উসমান গনি বলেন, ব্র্যাক অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের অফিসে না এসে বাসায় বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ান আহমেদ উপস্থিত ছিলেন।
মুজিবনগর উপজেলা ব্র্যাক অফিসে ২৩ জন স্টাফের মধ্যে ১৭ জন রাতে অফিসেই থাকেন এবং ৬ জন বিভিন্ন বাড়িতে ভাড়ায় থাকেন। এদের মধ্যে অফিসের ১৭ জনকে অফিসে থাকার এবং বাকি ৬ জনকে নিজ নিজ ভাড়া বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।