রংপুরের জুম্মাপাড়া এলাকায় অবস্থিত সোনালী ব্যাংক বাজার শাখার পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় শাখাটি লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (২২ এপ্রিল) ব্যাংকের প্রবেশ দ্বারে নোটিশ টানিয়ে দিয়ে এই ঘোষনা দেওয়া হয়। সোনালী ব্যাংকের ডিজিএম বারেক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে রংপুর নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বেসরকারি হাসপাতাল মুক্তি ক্লিনিকের মালিক রেজোয়ান সিদ্দিকির শরীরে নমুনা পরীক্ষার পর পজিটিভ প্রতিবেদন আসায় ওই ক্লিনিক ও তার বাসা লকডাউন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ।
সোনালী ব্যাংক বাজার শাখা সূত্রে জানা গেছে বুধবার ব্যাংকের অনেক গ্রাহক টাকা লেনদেন করতে এসে ব্যাংকটি বন্ধ দেখতে পায়। পরে তারা একটি নোটিশ টানানো দেখে জানতে পারে ব্যাংকটি লকডাউন করা হয়েছে।
এ ব্যাপারে সোনালী ব্যাংকের ডিজিএম বারেক চৌধুরী জানান, ব্যাংকের পাঁচ কর্মকর্তা-কর্মচারী করনার উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। ইতিমধ্যে কয়েকজনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে প্রতিবেদন পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি। তবে সিভিল সার্জেন ডা, হিরম্ব কুমার জানান বিষয়টি তাকে জানানো হয়নি। তবে ৫ কর্মকর্তা কর্মচারী অসুস্থ হয়ে পড়লে ব্যাংক কতৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।