পুলিশের সহায়তায় বাড়ি ফিরলেন আটকে পড়া ৪৩ শ্রমিক

94089534_236631357448732_4790954478733885440_n

 

কুমিল্লায় কাজ করতে এসে করোনার কারণে লকডাউনে আটকে পড়া ৪৩ শ্রমিক পুলিশের সহায়তায় বাড়ি ফিরেছেন। তাদের সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায়। দুই থেকে আড়াই মাস আগে কাজের খোঁজে চাঁপাইনবাবগঞ্জ থেকে কুমিল্লায় এসেছেন তারা। বেশ কয়েকদিন নিয়মিত কাজ থাকলেও কিছুদিন পর করোনা সংক্রমণ রোধে লকডাউনের আগে ও পরে সব ধরনের কর্মক্ষেত্র বন্ধ হয়ে পড়ায় তারা কর্মহীন হয়ে পড়েন। এছাড়া যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় কুমিল্লায় আটকা পড়েন তারা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় একটি বাসে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় তাদের চাঁপাইনবাবগঞ্জ পাঠানো হয়।

শ্রমিকরা জানান, হঠাৎ করোনাভাইরাসের সংক্রমণে সব কিছু বন্ধ হয়ে যায়। ফলে কর্মহীন হয়ে পড়েন তারা। যতদিন কাজ করেছেন, জমানো টাকা বাড়িতে পরিবারের সদস্যদের জন্য পাঠিয়ে দিয়েছেন, ফলে বিপাকে পড়েছিলেন তারা। খাওয়া ও বাসা ভাড়া নিয়ে আর্থিক সংকটে পড়েন। পরবর্তীতে চাঁপাইনবাবগঞ্জের সন্তান ও কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে বাড়ি ফিরে যাওয়ার জন্য সহযোগিতার আবেদন করলে তিনি এই ব্যবস্থা করে দেন।