আইনমন্ত্রীর মায়ের জানাজা নিয়ে অপপ্রচারের ঘটনায় দুই মামলা

আইনমন্ত্রীর মা মুক্তিযোদ্ধা জাহানারা হকঅন্য জানাজার ছবি দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাজার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ঘটনায় দুটি মামলা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাতে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া জীবন বাদী হয়ে কসবা থানায় ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রেজাউল করিম সানি বাদী হয়ে আখাউড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এসব মামলা দায়ের করেন। কসবার মামলায় ১৩টি ও আখাউড়ার মামলায় আটটি ফেসবুক আইডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ আনা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল ভোররাতে আইনমন্ত্রীর মা জাহানারা হক ঢাকার অ্যাপেলো (এভার কেয়ার) হাসপাতালে মারা যান। ওইদিন বিকালে ঢাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে সীমিত সংখ্যক লোকের উপস্থিতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হয়। কিন্তু একটি কুচক্রি মহল অন্য একটি জানাজার নামাজের ছবি এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাজার নামাজ হিসেবে ফেসবুকে অপপ্রচার করে আইনমন্ত্রী ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রাত ৯টার দিকে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এজাহারে ১৩টি ফেসবুক আইডি থেকে অপপ্রচার চালানোর অভিযোগ করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রসুল আহমেদ নিজামী জানান, মো. হেদায়েত উল্লাহ, জুনাইদ শিবলী, নাজিম উদ্দিন, ইমতিয়াজ আহমেদ রাজন, এমজি রবিন, নাসির উদ্দিন মাসুদ, ইলিয়াছ হোসেন, বাংলা বসন্ত নামের ফেসবুক আইডিতে থেকে অপপ্রচার চালানো হয় বলে অভিযোগ করা হয়। এসব আইডি কারা চালাচ্ছেন খোঁজ নিয়ে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।