সরকারি নির্দেশনায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা থেকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আগাম বোরো ধান কাটতে কৃষি শ্রমিক পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে ৩১ জন শ্রমিককে ধান কাটার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বর থেকে সরকারিভাবে আত্রাই, নওগাঁ জেলার উদ্দেশে যাত্রা করেছেন তারা।
এসময় শ্রমিকদের হাতে হাতে কৃষি বিভাগের প্রত্যায়নপত্র, উন্নতমানের ফেস মাস্ক, খাবার, জীবাণুনাশক স্প্রে, প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন উপকরণ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা জানান, সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে চিরিরবন্দর উপজেলা থেকে কৃষি বিভাগ ও পুলিশের সহযোগিতায় ধান কাটার শ্রমিক পাঠানো হবে। এরই পরিপ্রেক্ষিতে চিরিরবন্দর কৃষি সম্প্রসারনের অধিদফতরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম ধাপে উপজেলার আব্দুলপর ইউনিয়ন ও আউলিয়াপুকুর ইউনিয়নের ৩১ জন ধান কাটার শ্রমিককে একটি বাসে করে আত্রাই নওগাঁ জেলায় প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, শ্রমিকরা যাতে করোনার সংক্রমণ থেকে নিরাপদে থাকে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই এলাকার লোকজনের সঙ্গে তাদের কেউ মেলামেশা করতে পারবেন না। সেখানকার প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তার মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেক শ্রমিককে আলাদা করে থাকার ও খাবার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকরা সেখান থেকে মাঠে গিয়ে ধান কাটার পর আবার নিজ নিজ কক্ষে ফিরে যাবেন।
তিনি আরও জানান, ইতোমধ্যে এ অঞ্চল থেকে তিনশ' কৃষি শ্রমিকের তালিকা করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলাতে ধান কাটতে পাঠানো হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক কৃষি শ্রমিকদের সবাইকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করেন।