যুদ্ধাপরাধীদের চক্রান্ত প্রতিহতের ঘোষণা

বর্ণাঢ্য বিজয় র‌্যালি করবে আ. লীগ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীসহ সারাদেশে আড়ম্বরপূর্ণ বর্ণাঢ্য র‌্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ভিন্ন আঙ্গিকে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস পালন ও বর্ণাঢ্য র‌্যালি করার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহতের শপথ নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দলটির সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছে দলটির কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, স্বাস্থ্য সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, তথ্য সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দীসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ। বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মাহবুব-উল আলম হানিফ দলটির সকল পর্যায়ের নেতা-কর্মী ও দেশবাসীকে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস ও র‌্যালি পালনের আহ্বান জানান।

তিনি বলেন, দেশে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হচ্ছে। ষড়যন্ত্র-চক্রান্ত ছিন্ন করে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে দেশ। এবারের বিজয় দিবসে বিজয়ের নতুনমাত্রা যোগ করা হবে। ভিন্ন আঙ্গিকে আড়ম্বরপূর্ণ বিজয় দিবস পালন ও বর্ণাঢ্য র‌্যালি করার মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধীদের সব ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহতের শপথ নিতে হবে।

হানিফ বলেন, অচিরেই জামায়াতে ইসলামী নিষিদ্ধ হবে। এজন্য তারা মরণ কামড়ের মত শেষ ষড়যন্ত্র-চক্রান্ত করবে। আমাদের ঐক্যবদ্ধভাবে এগুলো প্রতিহত করতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, স্বাচিপের সভাপতি ইকবাল আর্সলান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, মহিলা লীগের সভাপতি আশরাফুন্নেছা মোশাররফ, যুবমহিলা লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, কৃষকলীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, কৃষিবিদ ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদকসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতারা।

বৈঠকে নেতারা বিজয় র‌্যালিতে শৃঙ্খলারক্ষা ও অধিক সংখ্যক উপস্থিতির জন্য পরামর্শ দেন।

 

/পিএইচসি/টিএন/