সরিষাবাড়িতে সাপ্লাইয়ের পানি খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

জামালপুরের সরিষাবাড়িতে একটি জুটমিলে সাপ্লাইয়ের পানি খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার রাতে আলহাজ জুটমিলে এ ঘটনা ঘটেছে।

জুটমিলের শ্রমিক ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন জানান,  সোমবার রাতে  শ্রমিকরা খাওয়ার পর সাপ্লাইয়ের পানি পান করে। এর পর থেকেই অধিকাংশ শ্রমিকের পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া শুরু হয়।

রাত থেকে সকাল পর্যন্ত অসুস্থ শ্রমিকদের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত সরিষাবাড়ি উপজেলা হাসপাতালে ৪০জন ও জামালপুর জেনারেল হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ি উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মমতাজ উদ্দিন জানিয়েছেন, হাসপাতালে ভর্তি  সব শ্রমিক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। মিলের সাপ্লাইয়ের পানির মাধ্যমেই এই ডায়রিয়া ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জামালপুরের সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন বিষয়টি স্বীকার করে বলেছেন, অসুস্থ রোগীদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

/এআর/এফএস/