ভোলার মনপুরা ও বোরহানউদ্দিন উপজেলায় দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া এলাকার মো. নুরে আলম (২২) ও বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মোহনা রানী দে (৮) এর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দুজনকেই পর্যবেক্ষনে রাখা হয়েছে।
এদের মধ্যে নুরে আলম ঢাকা থেকে ও মোহনার বাবা সিলেট থেকে আসায় এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী জানান, উপজেলার কাচিয়া ইউনিয়নে ৮ বছরের এক কন্যাশিশুর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আমরা খবর নিয়েছি। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ওই শিশুর পুরো পরিবার ও ওই বাড়ির সবার নমুনা পরীক্ষা করা হবে। এজন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ঘটনায় সেখানকার ৭ বাড়ি লকডাউন করা হয়েছে
অপরদিকে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২২ বছরের এক যুবকের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ওই যুবক গত ৫-৬ দিন আগে ঢাকার মিরপুর থেকে মনপুরা আসেন। বুধবার (২২ এপ্রিল) তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এই ঘটনায় সেখানকার ৯ বাড়ি লকডাউন করা হয়েছে ।
ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, এপর্যন্ত ভোলা জেলায় করোনা সন্দেহে ২৫৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২২১টি নেগেটিভ ও ২টি পজেটিভ রেজাল্ট এসেছে। জেলায় এখন হোম কোয়ারেন্টিনে আছে ১০৮ জন । ছাড়পত্র দেওয়া হয়েছে ৬৮৯ জনকে। আইসোলেশনে আছে দুজন।