সবজি চাষে উৎসাহিত করতে কৃষকদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে বীজ

94424772_236564794219052_1341672410889322496_n

বাগেরহাটের ফকিরহাটে কৃষকদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা আতঙ্কের কারণে অলস সময় কাটানো কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন প্রকার সবজির বীজ। স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কৃষকদের হাতে এই বীজ তুলে দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত। বিনামূল্যে এই বীজ পেয়ে কৃষকরাও খুশি। আঙ্গিনায় এই বীজ বপন করছেন তারা। এতে একদিকে যেমন পতিত জমির ব্যবহার নিশ্চিত হবে, অপরদিকে করনো পরবর্তী সময়ে সবজির ঘাটতি দূর হবে।

ফকিরহাট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চাষিদের বাড়ি বাড়ি গিয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়ার পাশাপশি বিনামূল্যে লাল শাক, পুঁইশাক, মিস্টিকুমড়া, লাউ, ঢেঁড়স ও শশার বীজ বিতরণ করা হচ্ছে।

স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাস জানান, প্রথমে বিষয়টি ভালো লাগেনি। তবুও স্যারের নির্দেশ পালন করতে হয়েছে। এখন কৃষকরা যখন এসে বলছেন, বিনামূল্যে পাওয়া সবজির বীজ নিয়ে তারা খুশি, এখন অনেক ভালো লাগছে।

ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা নাছরুল মিল্লাত বলেন, 'কৃষিক্ষেত্রে করোনা ভাইরাস আতঙ্কের কোনও প্রভাব যাতে না পড়ে, সেজন্য চাষিদের বাড়ি বাড়ি গিয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপশি কৃষকরা যাতে অলস সময় পার না করে, সেজন্য তাদের কৃষি কাজে উদ্বুদ্ধ করতে কাজ করছি সবাই মিলে।'