হাওরে কৃষকদের মাস্ক বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থাসহ টেলিমেডিসিন সেবা চালু

ধানকাটা শ্রমিকদের হাত ধোয়ার ব্যবস্থা করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।




হাওরে ধান কাটার শ্রমিকদের মাঝে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক সংগঠন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার পক্ষ থেকে তাহিরপুর উপজেলার শনির হাওর, টাংগুয়ার হাওর ও মাটিয়ান হাওরের শ্রমিকদের বিনামূল্যে ফেস মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও তাদের হাত ধোয়ার ব্যবস্থার জন্য সাবান ও ড্রাম বিতরণ করা হয়। সম্প্রতি শনির হাওর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনাসিন্দু চৌধুরী বাবুল ও তাহিরপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা বীজেন ব্যানার্জি।
এসময় আরও উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাসসির আলম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সদস্য রাসেল আহমদ, বাবলু তালুকদার, স্বেচ্ছাসেবক শেখ আলম, সাবজল আহমেদ, আশরাফুজ্জামান মনি প্রমুখ।
উল্লেখ্য, সংগঠনের পক্ষ থেকে প্রথম দফায় ২০টি ওয়াশ পয়েন্টের জন্য ২০টি পানির ড্রাম, ৮০টি সাবান এবং এক হাজার মাস্ক বিতরণ করা হচ্ছে।
তাহিরপুরের শনির হাওর, মাটিয়ান হাওর ও টাঙ্গুয়ার হাওরের ধান কাটার শ্রমিকদের জন্য এই কার্যক্রমে সহযোগিতা করে উন্নয়ন সংগঠন এএলআরডি।

ধানকাটা শ্রমিকদের মাস্ক বিতরণ করে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে দিনভর মাইকিং করে কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা হাওরের কৃষকদের সংক্রমণ রোধে টেলিমেডিসিন সার্ভিস চালু করেছে। ৯ জন বিশেষজ্ঞ ডাক্তারের মোবাইল নম্বর বিভিন্ন ব্যানারে টানিয়ে দেওয়া হয়েছে। রোগীরা এসব নম্বরে ফোন করে চিকিৎসা সেবা নিতে পারবেন। সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে কিছু ঔষধ বিতরণ করা হচ্ছে।





পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, অন্যান্য বছরের চেয়ে এ বছর হাওরের ফসল সঠিকভাবে উত্তোলন করা অধিক গুরুত্বপূর্ণ। সঠিকভাবে ফসল উত্তোলন করতে হলে হাওর এলাকায় করোনার সংক্রমণ রোধ করতে হবে। আমরা আশাকরি এই সেবাগুলো গ্রহণ করে হাওর এলাকার কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের জনগণ উপকৃত হবেন।