চট্টগ্রাম জেলায় আরও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় তাদের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন।
এনিয়ে চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৫৩ জন। এর আগে গত ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে, গত ৮ এপ্রিল আরও ৩ জন, ১০ এপ্রিল ২ জন, ১১ এপ্রিল ৩ জন, ১২ এপ্রিল ৫ জন, ১৩ এপ্রিল ২ জন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল ৫ জন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন ও ১৯ এপ্রিল আরও ৪ জন, এরপর ২১ এপ্রিল ১০ মাস বয়সী এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়। তারপর গত ২২ এপ্রিল আরও ৩ জন, ২৪ এপ্রিল আরও একজন এবং ২৫ এপ্রিল আরও ২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুসহ ৫ জন মারা যান। সুুুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।
সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, 'রবিবার বিআইটিআইডিতে ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১০ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের ৭ জন চট্টগ্রামের। এদের ৬ জন সাতকানিয়া উপজেলার বাসিন্দা। অন্যজন নগরীর দামপাড়া এলাকার বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি লক্ষীপুর জেলায়।