সীমান্তে পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ

কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছে বিজিবিকরোনাভাইরাসের প্রাদুর্ভাবে লগডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রামগুলোর পাঁচ শতাধিক পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছে তারা। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলার তালুক শিমুলবাড়ী স্কুল মাঠ এবং দুপুর ১২টায় কাশিপুর ডিগ্রি কলেজ মাঠে সামাজিক দূরত্ব রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।

এ সময় উপস্থিত ছিলেন– লালমনিরহাট ১৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর এমএম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল হক, বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, গোল্ডেন ফিউচার একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য এরশাদুল হক, শান্তাদুল ইসলাম প্রমুখ।

খাদ্য সামগ্রী হিসেবে প্রতি পরিবারকে ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, আধ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।