করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগের সময়ে পিরোজপুরে কর্মরত সংবাদকর্মীদের পাশে দাঁড়িয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং পিরোজপুর- ১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম। তিনি পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলায় কর্মরত সাংবাদিকদের আর্থিক সহায়তা দিয়েছেন।
পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু বলেন, ‘বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম পিরোজপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগেও পিরোজপুরের সাংবাদিকদের বিভিন্ন সময়ে নানাভাবে সহযোগিতা করেছেন। করোনা দুর্যোগকালীন এই সময়ে সাংবাদিকরা মন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়ে খুবই উপকৃত হয়েছেন।’
দুর্যোগকালীন সময়ে মফস্বলের সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান করায় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন স্বরূপকাঠী প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম এবং নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি এইচ এম লাহেল মাহমুদ।
প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘এক সময় মফস্বলে আমি সাংবাদিকতা করতাম। মফস্বল সাংবাদিকদের কষ্ট আমার চেয়ে কেউ বেশি বোঝে না। আমি আমার সাধ্যমতো সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাআল্লাহ।’