পরে তিনি বিগত সময়ে আন্দোলন সংগ্রামে গুম, খুন ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঈদ উপহার বিতরণ করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে সাধারণ মানুষের সহায়তার জন্য ৮৭ হাজার কোটি টাকার একটা অর্থনৈতিক প্যাকেজ দিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে যে প্যাকেজ দেওয়া হয়েছে সেখানে ব্যাংক ঋণের মাধ্যমে শুভঙ্করের ফাঁকি রয়েছে। এই ব্যাংক ঋণ দিয়ে সাধারণ মানুষের কোনও উপকার হবে না। যারা সরকারের অংশ হিসেবে কাজ করছে তারাই কেবল ব্যাংক ঋণ পাবেন। এই সার্বিক ঋণের মাধ্যমে কোনও সমস্যার সমাধান হবে না। সরকারের টাকা হচ্ছে জনগণের টাকা। সরকারের কোষাগারে যে টাকা আছে সেটা বাংলাদেশের জনগণের। এই টাকা জনগণের দুঃসময়ে ব্যবহার করতে হবে।
তিনি আরও বলেন, এখন বাংলাদেশের মানুষের জীবন মরণ সমস্যা। আমরা টাস্কফোর্স গঠনের মাধ্যমে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যমত গঠনের জন্য বার বার বলে আসছি। কিন্তু সরকার তা শুনছে না।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, সহ দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী, বোয়ালখালী পৌরসভার মেয়র আবুল কালাম আবু, হামিদুল হক মান্নান প্রমুখ।