পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন বিশিষ্ট লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। মঙ্গলবার শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আয়োজিত ‘সংবাদপত্রে মুক্তিযুদ্ধ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক জাফর ইকবাল বলেন, পাকিস্তান এখনও বলে যাচ্ছে যে একাত্তরে তারা কিছু করেনি, এটা এক ধরণের নির্বুদ্ধিতা। ওরা মিথ্যাবাদী। যদি আমরা এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করি, কথা বলতে শুরু করি, তাহলে এদেরও বিচার করা সম্ভব।
তিনি আরও বলেন, ওই সময়ে স্বাধীনতার বিরোধীতাকারীদের অনুসারীরা এখনও সক্রিয়। তারা মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাস তোমাদের সামনে তুলে ধরে বিভ্রান্ত করার চেষ্টা করবে। সাবধান, তাদের ফাঁদে পা দেবে না। তোমরা তোমাদের সময় এবং শক্তি ব্যয় করবে তোমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য।
আলোচনা সভায় অধ্যাপক জাফর ইকবালের স্ত্রী ড. ইয়াসমিন হক বলেন, যতবার বঙ্গবন্ধুর ছবি দেখি এবং ভাষণগুলো শুনি তখনই মুক্তিযুদ্ধের চেতনা আমাদের মাঝে নতুন করে জেগে ওঠে। তোমরা যারা তরুণ, দেশকে ভালবাসো। তোমার অবশ্যই এই প্রদর্শনী থেকে আরও বেশি অনুপ্রাণিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. সামসুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গণি, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গতকাল সোমবার থেকে তিন দিনব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। চলবে বুধবার রাত ৮টা পর্যন্ত।
প্রদর্শনীতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় দেশি-বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদ এবং সাংবাদিকদের ভূমিকা সম্বলিত ৩৩টি আলোকচিত্র স্থান পেয়েছে।
/এআর/এমআর/