ত্রাণের দাবিতে সড়ক অবরোধ

94884829_951058758647285_4147367407683371008_n

প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার অভিযোগে এবং ত্রাণের দাবীতে দিনাজপুরে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বস্তিবাসী। বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জেলার সদর ও বিরল উপজেলার সংযোগস্থল পূর্ণভবা নদীর উপর কাঞ্চন ব্রিজে এই অবরোধ করেন তারা। ফলে দিনাজপুরের সঙ্গে বিরল ও বোচাগঞ্জ উপজেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ তুলে নেয়।

স্থানীয়রা দাবি করেন, লকডাউনের কারনে রিকশা, ভ্যান, ফুটপাতের দোকান বন্ধসহ মুজরির কাজও নাই। তারা পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে ও অনাহারে রয়েছেন। সরকার করোনা প্রতিরোধে ঘরে থাকার কথা বলেছে, ঘরে ঘরে খাওয়া পৌঠছে দেওয়ার কথা বলেছে। কিন্তু ঘরে ঘরে নয়, উল্টো রাস্তায় নামার পরও ত্রাণ সহযোগিতা প্রদান করা হচ্ছে না।

দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তালিকা তৈরি করে ত্রাণ পৌছানোর ব্যবস্থা করা হবে বলে জানালে অবরোধ তুলে নেওয়া হয়।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস বলেন, 'এলাকার প্রত্যেককে ত্রাণ সহযোগিতা করা হবে। ইতোমধ্যেই তালিকা তৈরির কাজ চলছে, কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ত্রাণ সহযোগিতাও পৌঁছে যাবে।' এসময় পর্যন্ত সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।