অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার ও সেমাই কারখানায় অভিযান

94982286_237459967343734_6442934819310534656_n

অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার ও লাচ্ছা সেমাই কারখানায় পৃথক অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে বগুড়া জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিএম রাশেদুল ইসলাম র‌্যাব সদস্যদের সঙ্গে নিয়ে শহরের মাটিডালি ও বৃন্দাবনপাড়ায় এই অভিযান চালান।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বগুড়া শহরের মাটিডালি এলাকায় নিউ শাহ আমানত কেমিক্যাল কারখানায় অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ অনুমোদনহীন ফিনিক্স হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়। এসব তৈরির অপরাধে শাহ্ আমানত কেমিক্যাল ইউনিট ওয়ান বাংলাদেশের মালিক মাটিডালি এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে মোত্তাকিম দোলনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। তবে তিনি জরিমানার টাকা পরিশোধ করে রেহাই পান। সেখান থেকে জব্দ করা হ্যান্ড স্যানিটাইজারগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত বগুড়া শহরের দক্ষিণ বৃন্দাবনপাড়ায় আকবর লাচ্ছা-সেমাই কারখানায় অভিযান চালান। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা তৈরি করা হচ্ছিলো। ভোক্তা অধিকার আইনে আকবর লাচ্ছা সেমাই কারখানার মালিক আমিনুর ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানা টাকা পরিশোধ করা হয়েছে।

অভিযানে র‌্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী মণ্ডলসহ র‌্যাব সদস্যরা অংশ নেন।