দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বসতবাড়ির মাটির নিচ থেকে ৫০৬ রাউন্ড বন্দুকের গুলি পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বছির বানিয়া বাজারের এক বাড়ি থেকে গুলিগুলো উদ্ধার করা হয়। এসবের মধ্যে রয়েছে থ্রি নট থ্রি রাইফেলের ৩৮৩টি ও পিস্তলের ১২৩টি গুলি। এছাড়াও চার্জার রয়েছে ৪০টি।
গৃহিণী রুবী বেগম জানান, তার স্বামী মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দেড় বছর আগে মারা গেছেন। তিনি স্থানীয় আ. ওয়াহাবের কাছ থেকে জায়গা কিনে ২০ বছর আগে বাড়ি করেছেন। বৃহস্পতিবার টয়লেটের হাউজ খননের জন্য দুজন শ্রমিক লাগানো হয়। দুই ফুট খুড়তেই বন্দুকের গুলিগুলো পাওয়া যায়।
স্থানীয় মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম জানান, স্বাধীনতা যুদ্ধের সময় হয়তো গুলিগুলো পুঁতে রাখা হয়ে থাকতে পারে। ওই জায়গার মালিক আব্দুল ওয়াহাবের এক ছেলে কামাল হোসেন মুক্তিযোদ্ধা ছিলেন।
পার্বতীপুর মডেল থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান, ৫০৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে জানা যাবে গুলিগুলো তাজা আছে কিনা।