খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৮ জন পজিটিভ, ১ জনের মৃত্যু

করোনাভাইরাস

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তবে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত খুলনা বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হল ১৩৬ জন। আর ৩ জনের মৃত্যু হলো। এ বিভাগের মধ্যে সাতক্ষীরা জেলা এখনও করোনামুক্ত রয়েছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, গত ১০ মার্চ থেকে খুলনায় করোনা পরীক্ষার হিসাব রাখা শুরু হয়। ৭ এপ্রিল থেকে করোনা পরীক্ষা শুরু হয়। এরপর থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে ১৩৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আর মৃত্যু হয়েছে ৩ জনের।   

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) এ বিভাগে ১৮ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে বাগেরহাটে ২ জন পজিটিভ শনাক্ত ও ১ জনের মৃত্যু হয়েছে। আর খুলনায় ১ জন, যশোরে ১২ জন, কুষ্টিয়ায় ২ জন  ও চুয়াডাঙ্গায় ১  জন পজিটিভ রয়েছেন। পাশাপাশি এ ২৪ ঘণ্টায় এ বিভাগে ৩১৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৯ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ৪৫৭ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ৬৩ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ৩ জনকে।  

তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে ১৩৬ জন করোনা পজিটিভ শনাক্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর জেলাতেই করোনা পজিটিভ সবচেয়ে বেশি। এর সংখ্যা ৫৬ জন।  ২১ জন পজিটিভ নিয়ে দ্বিতীয় অবস্থানে ঝিনাইদহ জেলা। এছাড়া কুষ্টিয়া জেলায় ১৬ জন, খুলনা জেলায় ১৩ জন পজিটিভ, নড়াইল জেলায় ১৩ জন পজিটিভ, চুয়াডাঙ্গা জেলায় ৮ জন পজিটিভ, মাগুরা জেলায় ৪ জন পজিটিভ, মেহেরপুর জেলায় ২ জন পজিটিভ এবং বাগেরহাট জেলায় ৩ জন পজিটিভ রয়েছেন। সাতক্ষীরা জেলায় এখনও করোনা রোগী পাওয়া যায়নি।

এ বিভাগে এখন পর্যন্ত তিনজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট ও মেহেরপুর জেলায়।

এছাড়া এ বিভাগে এ পর্যন্ত ২৫৬২৮ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ১৬৮৪ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ২০৮৯৪ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৯৫ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৬৬ জনকে।