খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) রেস্ট হাউসে গুদামজাত করে রাখা ত্রাণ সামগ্রীর প্যাকেটের পেঁয়াজ ও আলুতে পচন ধরেছে। এতে প্রায় আড়াই মন পেঁয়াজ ও আলু নষ্ট হয়েছে।
খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, কয়েকজন শুভাকাঙ্ক্ষী তার নিজ তহবিলে কিছু ত্রাণ সরবরাহ করছিলেন। সেগুলা প্যাকেট আকারে হাজী মহসিন রোডের রেস্ট হাউজে সংরক্ষণ করা হয়েছিল। কিছু পণ্যে পচন ধরার কারণে তা করপোরেশনের লোক দিয়ে ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। পচে যাওয়া মালের পরিমাণ দু’আড়াই মণ হবে।
জানা গেছে, মেয়র তালুকদার আবদুল খালেকের ব্যক্তিগত ত্রাণ তহবিলে কয়েকজন শুভাকাঙ্ক্ষী প্যাকেট করা কয়েক পদের পণ্যের ত্রাণ প্রদান করেন। তবে কেসিসি’র রেস্ট হাউজের গুদামে সংরক্ষিত থাকরেও তা দ্রুত বিতরণ না করায় এরইমধ্যে এগুলোতে পচন ধরা শুরু করে। পেঁয়াজ ও আলু পচে দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন বৃহস্পতিবার তা টের পান। এরপর তারা কেসিসিতে অভিযোগ করেন। এ অভিযোগ পেয়েই করপোরেশনের লোকজন সেখানে যান এবং পঁচে যাওয়া পণ্যগুলো সরিয়ে নেন।
কেসিসি’র ভান্ডার শাখার স্টোরকিপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পচন ধরা আলু ও পেঁয়াজ সরিয়ে ফেলা হয়েছে।