করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেছেন কিশোরগঞ্জের আরও সাত জন। তাদের মধ্যে তিন জন চিকিৎসক, একজন পুলিশ সদস্য ও সাধারণ রোগী তিন জন। এনিয়ে জেলায় মোট ১৪জন সুস্থ হয়ে তাদের নিজ নিজ বাড়িতে ফিরেছেন। অন্যদিকে নিজ বাড়িতে আইসোলেশানে থাকা কুলিয়ারচর উপজেলার এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সাত জনের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের ছাড়পত্র দেওয়া হয়। তারা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসোলেশানে ছিলেন। তাদের রিপোর্ট দুবার নেগেটিভ এসেছে।
তিনি আরও জানান, কুলিয়ারচরে নিজ বাড়িতে আইসোলেশানে থাকা করোনায় আক্রান্ত মোস্তফা মিয়া (৬০)নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এনিয়ে কিশোরগঞ্জ জেলায় কোভিড-১৯ পজিটিভ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা হলো ৪ জন।