এবার দেশকে রাজাকার মুক্ত করার দাবি

savar picবাংলাদেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পেরিয়ে গেছে। তবুও স্বাধীনতার পূর্ণতা পায়নি এই দেশ। ৩০ লাখ মানুষের প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশে এখনো মানবতাবিরোধী অপরাধী রয়ে গেছে। তাই তাদের বিচার শেষ করে বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা দেখতে চায় মুক্তিযোদ্ধা, তরুণ প্রজন্ম, রাজনীতিবিদসহ সাধারণ মানুষ।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে এসে মানবতাবিরোধীদের বিচার করে এ দেশ থেকে রাজাকার মুক্ত করার কথা জানালেন তারা।
শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেন, সাকা-মুজাহিদের ফাঁসি হয়ে গেছে। তাদের মতো আরও মানবতাবিরোধী অপরাধী রয়েছে। অবিলম্বে তাদের সাজা দিয়ে দেশকে মানবতাবিরোধী অপরাধী মুক্ত করার দাবি জানান তিনি। এছাড়া রাজনৈতিক, ব্যবসায়ীকসহ পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছেদের জন্যও তিনি বলেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতার পূর্ণতা এখনও আসেনি। বাংলাদেশের মানুষের স্বাধীনতার যে স্বপ্ন ছিল তা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এছাড়া জামায়াতকে নিষিদ্ধের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত নিষিদ্ধের কোনও বিষয়ে জাতীয় পার্টির থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

রাকিবুল ইসলাম, তুষার ও হাসনুর ইসলামসহ কয়েকজন যুবক বলেন, প্রায় প্রতিবছর তারা মানিকগঞ্জ এলাকা থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তাদের বক্তব্য- দেশ স্বাধীন হয়েছে। তবু এ দেশে এখনো অনেক মানবতাবিরোধী অপরাধী রয়ে গেছে। এদের বিচার সম্পন্ন হলেই তাদের মনে বিজয়ের পরিপূর্ণতা পাবে। তাই তারা অবিলম্বে মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ করে রাজাকার মুক্ত স্বাধীন বাংলাদেশের দাবি করেন।

এদিকে বুধবার ভোর ৬টা ৩৩ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রায় একই সময়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল তাদেরকে প্রদান করে গার্ড অব অনার। বিউগলে বেজে ওঠে করুন সুর। এসময় তারা এক মিনিট নীরবে দাড়িয়ে থেকে লাখো শহীদদের আত্মার মাগফিতার কামনা করেন। ভোর ৬টা ৪৮ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয় স্মৃতিসৌধের মূলফটক।

/এএইচ/